পূর্বধলার বহুলী মধ্যপাড়ায় মর্মান্তিক ঘটনা; বৃষ্টি ও অন্ধকারে পা পিছলে পানিতে পড়ে মৃত্যুর প্রাথমিক ধারণা পুলিশের।
নিহত আব্দুল হামিদ উপজেলার ৩ নম্বর ঘাগড়া ইউনিয়নের ঔটি বহুলী মধ্যপাড়া গ্রামের মৃত সদর শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৯ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে ব্যক্তিগত কিছু কেনাকাটার উদ্দেশ্যে বহুলী বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন আব্দুল হামিদ। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা ধারণা করেন, তিনি হয়তো কোথাও বসে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখছেন।
সোমবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে বহুলী বাজার থেকে ফেরার পথে স্থানীয় বাসিন্দা আতিক মিয়া নাদিম মিয়ার পুকুরে একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে তিনি বিষয়টি আশপাশের লোকজনকে জানালে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে মরদেহটি উদ্ধার করেন। খবর পেয়ে নিহতের ছেলে জজ মিয়া ঘটনাস্থলে এসে মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন।
সংবাদ পেয়ে পূর্বধলা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।
নিহতের ছেলে ও স্বজনরা জানান, আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। এছাড়া বার্ধক্যজনিত কারণে তিনি চোখেও কম দেখতেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে বৃষ্টি ও অন্ধকারে চলাচলের সময় পা পিছলে পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে।" তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের মতে, আকস্মিক এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


0 মন্তব্যসমূহ