পূর্বধলায় তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা; নেতৃবৃন্দের বক্তব্যে উঠে এলো তাঁর আদর্শ, ত্যাগ ও সাংগঠনিক নেতৃত্বের স্মৃতি
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় বিএনপির সাবেক নেতা ও শ্যামগঞ্জের ছাত্র রাজনীতির কিংবদন্তি হিসেবে পরিচিত মরহুম ফকির হারুন আল হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলা সদরের হেলিপ্যাড মাঠ সংলগ্ন দলীয় কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে সকাল ১০টায় মরহুমের কবর জিয়ারত করেন তাঁর পরিবারের সদস্য এবং দলীয় নেতাকর্মীরা।
স্মরণসভায় সভাপতিত্ব করেন পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক, সাবেক সহসভাপতি (ভিপি) এবং নেত্রকোণা সরকারি কলেজের সাবেক ভিপি আলহাজ আবু তাহের তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির।
সভায় বক্তব্য দেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আসাদুজ্জামান (রতন), উপজেলা বিএনপির সদস্য আশরাফ উদ্দিন তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা মরহুম ফকির হারুন আল হেলালের দীর্ঘ রাজনৈতিক জীবন, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও আদর্শের বিভিন্ন দিক স্মরণ করেন। তাঁরা বলেন, শ্যামগঞ্জের ছাত্র রাজনীতিতে তিনি ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। রাজনৈতিক জীবনের প্রতিটি পর্যায়ে তিনি দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ, সততা ও কর্মনিষ্ঠা আগামী প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
মরহুম ফকির হারুন আল হেলাল নেত্রকোণা জেলা বিএনপির সাবেক কৃষিবিষয়ক সম্পাদক ও সম্মানিত সদস্য, নেত্রকোণা জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক, পূর্বধলা উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক এবং পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানের শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মজিবর রহমান মণ্ডল।
এ সময় উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ