অসহায় সাংবাদিক ও পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান।
খুলনা জেলা প্রতিনিধি: মোঃ আল-মাহফুজ শাওন
খুলনা জেলায় কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী সাংবাদিকদের পরিবারের বর্তমান অবস্থা যাচাই-বাছাই এবং অসুস্থ ও কর্মক্ষমতাহীন সাংবাদিকদের, বিশেষ করে ‘জুলাই যোদ্ধা’ সাংবাদিকদের, সঠিক ও পূর্ণাঙ্গ পরিসংখ্যান তৈরির লক্ষ্যে মতবিনিময় সভা করেছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, খুলনা জেলা শাখা।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর একটি বেসরকারি রেস্তোরাঁয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া তুহিন।
সভাপতির বক্তব্যে গোলাম কিবরিয়া তুহিন বলেন, খুলনা জেলায় মৃত্যুবরণকারী সাংবাদিকদের পরিবারের একটি পূর্ণাঙ্গ পরিসংখ্যান তৈরি করতে হবে। একই সঙ্গে অসুস্থ হয়ে পড়া ও সাংবাদিকতায় কর্মক্ষমতা হারানো সাংবাদিকদের তালিকা দ্রুত প্রস্তুত করা প্রয়োজন। সাংবাদিকতা পেশাকে সুরক্ষা দিতে হলে সবাইকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, বর্তমানে সাংবাদিকরা বিভিন্ন সময় নির্যাতন, হামলা ও মামলার শিকার হচ্ছেন। এ অবস্থায় প্রকৃত সাংবাদিকদের সুরক্ষা ও কল্যাণে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ শাহানাজ বলেন, একজন সাংবাদিক অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে তিনি নিজেকে অত্যন্ত অসহায় মনে করেন। সাংবাদিকতা একটি স্বাধীনচেতা ও চ্যালেঞ্জিং পেশা। দুর্ঘটনা বা অসুস্থতার কারণে কোনো সাংবাদিক কর্মক্ষমতা হারালে কিংবা মৃত্যুবরণ করলে তার পরিবার ও স্বজনদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ফাউন্ডেশন তাদের সহযোগিতায় সর্বাত্মকভাবে পাশে থাকার চেষ্টা করবে।
সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি আপেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পলাশ, প্রচার সম্পাদক আব্দুল আলিম, মহিলা সম্পাদিকা পপি কামাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রনিসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ মানবিক এ উদ্যোগকে আরও বেগবান করতে খুলনার সব স্তরের সাংবাদিকদের এগিয়ে আসার এবং অসহায় সাংবাদিক ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।
1 মন্তব্যসমূহ
hi
উত্তরমুছুন