অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়ে জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, তিনি এমিরেটস এয়ারলাইনস–এর ফ্লাইট ইকে-৫৮৩ যোগে জার্মানি যান।
ফয়েজ আহমদ তৈয়্যবের একজন সহযোগী জানান, তিনি ৯ ও ১০ ফেব্রুয়ারি ছুটিতে ছিলেন। একই সঙ্গে মন্ত্রণালয়ের আইসিটি ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকেও তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে। সহযোগীর ভাষ্য অনুযায়ী, বিশেষ সহকারী তার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্যই দেশ ত্যাগ করেছেন।
উল্লেখ্য, ফয়েজ আহমদ তৈয়্যব ২০২৫ সালের ৫ মার্চ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রী মর্যাদায় নিযুক্ত হন। এর আগে ২০২৪ সালের নভেম্বরে তিনি আইসিটি পলিসি অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।


0 মন্তব্যসমূহ