পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে নেত্রকোণার পূর্বধলায় কৃষকদের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. রাকিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, নেত্রকোণার জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ চন্দন কুমার মহাপাত্র।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার, সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তালুকদার।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জুবায়ের আল মাহমুদ বলেন, কৃষিকে লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের ফসল সম্প্রসারণ এবং কৃষকদের নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তিনি জানান, কৃষকদের দোরগোড়ায় সরকারি কৃষিসেবা পৌঁছে দিতে পূর্বধলা উপজেলা কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে গবেষণা, প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই। সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে কৃষিকে আরও আধুনিক ও টেকসই খাতে রূপান্তর করা সম্ভব।
অনুষ্ঠানে বিশ্বব্যাংক ও আইএফএডির সহায়তায় বাস্তবায়িত ‘পার্টনার’ প্রকল্পের আওতায় কৃষকদের জন্য বিভিন্ন সরকারি সেবা, আধুনিক কৃষি প্রযুক্তি এবং উদ্যোক্তা উন্নয়নের সুযোগ-সুবিধা তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে অতিথিরা আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, ফল ও সবজির প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।
স্থানীয় কৃষকদের মতে, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জুবায়ের আল মাহমুদের নেতৃত্বে কৃষি বিভাগ মাঠপর্যায়ে প্রশিক্ষণ, পরামর্শ ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে সক্রিয় ভূমিকা পালন করছে। ফলে অনেক কৃষক নতুন প্রযুক্তি ও উন্নত জাতের ফসল চাষে আগ্রহী হচ্ছেন এবং উৎপাদন বৃদ্ধির সুযোগ সৃষ্টি হচ্ছে।


0 মন্তব্যসমূহ