ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন তিনি।
রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ইরানে সাম্প্রতিক হামলার জেরে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক অনেক ফ্লাইট বাতিল হওয়ায় উদ্ভূত পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। বিশেষ করে দেশে ফেরার পথে যাত্রীদের ভোগান্তি কমাতে করণীয় বিষয়ে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
শাহজালাল বিমানবন্দরে সার্বক্ষণিক তদারকি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের সার্বিক ব্যবস্থাপনা নিয়েও প্রধানমন্ত্রী নজর রাখছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সক্রিয়ভাবে কাজ করছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকেই বিমানবন্দরে অবস্থান করছেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রীও এ কাজে সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন।
ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবিলায় কর্মপরিকল্পনার নির্দেশ
সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে নিজ কার্যালয়ে পৌঁছে দিনের কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী। পরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলা নিয়ে আলোচনা হয় এবং একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে আসাদুল হাবিব দুলু জানান, ঢাকায় ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

0 মন্তব্যসমূহ