নেত্রকোনা প্রতিনিধি: মোঃ শাহিন খান্দাকার | ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত এই তালিকায় স্থান পেয়েছেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার রাজপথের সাহসী নেত্রী মানসুরা আক্তার।
মানসুরা আক্তার বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মো. শাহজাহান মিয়া ও মাতা আম্বিয়া বেগম। বর্তমানে তিনি পূর্বধলা সদরের গার্লস স্কুল রোড এলাকায় বসবাস করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত দুই দিনে ঢাকার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রায় ৯০০ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার নেয় বিএনপির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা মানসুরা আক্তার দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি অবিচল আনুগত্যের ভিত্তিতেই তাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে।
একই তালিকায় বিএনপির প্রবীণ নেত্রী সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, নিপুণ রায় চৌধুরী ও হেলেন জেরিন খান-এর মতো নেত্রীরাও রয়েছেন।
একজন কেন্দ্রীয় ছাত্রনেত্রীকে জাতীয় সংসদের জন্য মনোনয়ন দেওয়ায় পূর্বধলা ও নেত্রকোণা জেলা বিএনপি, ছাত্রদল এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। ধলামূলগাঁও ইউনিয়ন ও পূর্বধলা সদর এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ-উল্লাস করেছেন স্থানীয় সমর্থকরা।
0 মন্তব্যসমূহ