পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ ৩১৯ জন অসহায়, হতদরিদ্র, প্রতিবন্ধী, অসুস্থ ব্যক্তি ও শিক্ষার্থীর মাঝে ৯ লাখ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা ও উপবৃত্তি বিতরণ করা হয়েছে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলমের উদ্যোগে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।
রবিবার (১৪ জুন) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ সদস্য মানসুরা আলমের পক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপকারভোগীদের হাতে মোট ৯ লাখ ৬০ হাজার টাকার অনুদান তুলে দেন। সংসদ অধিবেশনে ব্যস্ত থাকায় সংসদ সদস্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু, যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল হেলালি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মাহফুজুল হক মানার, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোলাইমান কবির পাপ্পু, যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আব্রাহাম লিংকন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল ইসলাম খান, বৈরাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান দুলাল, গোহালাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বৈরাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, আনিসা আলমসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপকারভোগীরা
আয়োজকদের দেওয়া তথ্যমতে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত ১০ লাখ টাকার মধ্যে পূর্বধলা উপজেলার ৩১৯ জন উপকারভোগীর মাঝে ৯ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। অবশিষ্ট অর্থের মধ্যে নেত্রকোনা সদর উপজেলার জন্য ৩০ হাজার টাকা এবং দুর্গাপুর উপজেলার জন্য ১০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্যকালে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু বলেন, “সংসদ সদস্য মানসুরা আলম সংসদ অধিবেশনে অংশগ্রহণ করায় তাঁর পক্ষ থেকে আমরা এই সহায়তা কার্যক্রম পরিচালনা করছি। উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রকৃত অসহায় ও হতদরিদ্র পরিবার যাচাই-বাছাই করে স্বচ্ছতার সঙ্গে এই অর্থ বিতরণ করা হচ্ছে। উপকারভোগীদের তালিকাও জনস্বার্থে প্রকাশ করা হবে।”
তিনি আরও বলেন, “সংসদ সদস্য মানসুরা আলম পূর্বধলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠান শেষে উপকারভোগীরা এই আর্থিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।


0 মন্তব্যসমূহ