পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সাম্প্রতিক অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি কৃষি প্রণোদনা বিতরণের তালিকায় ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এ অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় কৃষকরা।
গতকাল বিকেল ৫টায় উপজেলার ঘাগড়া চৌরাস্তায় স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষকদের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে কৃষকদের পক্ষে বক্তব্য তুলে ধরেন স্থানীয় কৃষক ও ঘাগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান কাজল। তিনি অভিযোগ করে বলেন, “সাম্প্রতিক অতিবৃষ্টিতে ঘাগড়া ইউনিয়নের অসংখ্য কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু উপজেলা কৃষি অফিস থেকে প্রণোদনার জন্য যে তালিকা প্রস্তুত করা হয়েছে, সেখানে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের অনেকের নামই নেই। অথচ তালিকায় এমন অনেকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা কৃষিকাজের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন। আমরা এই পকেট তালিকা ও অনিয়মের তীব্র প্রতিবাদ জানাই এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের অন্তর্ভুক্ত করে নতুন তালিকা প্রণয়নের দাবি জানাচ্ছি।”
এ সময় উপস্থিত অন্যান্য কৃষকরাও ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি সহায়তা পাওয়ার আশায় তারা অপেক্ষা করছিলেন। কিন্তু তালিকা প্রণয়নে প্রভাবশালী মহলের স্বজনদের অগ্রাধিকার দেওয়ায় প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা বঞ্চিত হয়েছেন। তারা দ্রুত তদন্তের মাধ্যমে তালিকা সংশোধনের দাবি জানান।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে পূর্বধলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জোবায়ের হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতেও তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি।
ভুক্তভোগী কৃষকরা অবিলম্বে বিতর্কিত তালিকা বাতিল করে মাঠ পর্যায়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা নিশ্চিত করতে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


0 মন্তব্যসমূহ