পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেষে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় বক্তারা বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই নয়, সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান বলেন, ডেঙ্গু মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


0 মন্তব্যসমূহ