পূর্বধলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বিতরণ করা হলো ৫০০ চারা - ভোরের সময় অনলাইন পূর্বধলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বিতরণ করা হলো ৫০০ চারা

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


পূর্বধলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বিতরণ করা হলো ৫০০ চারা

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গাছের চারা বিতরণের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।



শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন এবং নেত্রকোনা জেলা বন সম্প্রসারণ কেন্দ্র, নেত্রকোনা বন বিভাগের যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। এ সময় ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির মোট ৫০০টি গাছের চারা শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও শফিকুল ইসলাম বলেন, “দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গঠনের লক্ষ্য অর্জনে কাজ করা হচ্ছে। এ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। পূর্বধলায় প্রথম ধাপে ৫০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ৫০০টি চারা বিতরণ করা হবে।”

তিনি আরও বলেন, শুধু চারা বিতরণ করলেই হবে না, প্রতিটি গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। একটি গাছ যেমন পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তেও সহায়ক।

আয়োজকরা জানান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের মধ্যে গাছ লাগানোর আগ্রহ বৃদ্ধি এবং পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ