পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী অস্থিরতা ও নাশকতার চেষ্টার প্রতিবাদে নেত্রকোণার পূর্বধলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলা সদরের স্টেশন রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্বধলা প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
পূর্বধলা উপজেলা বিএনপির সদস্যসচিব ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এ এস এম শহীদুল্লাহ ইমরানের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহামদ আলী সরকার, এম এ মান্নান, শেখ মো. আব্দুর রাশিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ তালুকদার ও আসাদুজ্জামান ডানো।
বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পূর্বধলা উপজেলায় কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। তারা আরও বলেন, আওয়ামী লীগের যেকোনো নৈরাজ্যকর কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবেন।
বক্তারা দাবি করেন, উপজেলা বিএনপির সদস্যসচিব এ এস এম শহীদুল্লাহ ইমরানের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছেন। বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রস্তুত রয়েছেন বলেও তারা উল্লেখ করেন।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আজিম উদ্দিন তালুকদার আরশাদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিন আহমেদ, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ