দ্রুতগতির পিকআপের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেটকার, পালিয়ে গেল চালক
শ্রীমঙ্গলে নাটকের চিত্রধারণের কাজ শেষ করে ঢাকায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। রোববার (৩০ আগস্ট) মধ্যরাতে ভৈরব ব্রিজের টোল প্লাজা পার হওয়ার পর একটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, তাসনুভা তিশা ও তাঁর সঙ্গে থাকা টিমের সদস্যরা একটি প্রাইভেটকারে করে ঢাকার উদ্দেশে ফিরছিলেন। ভৈরব ব্রিজের টোল প্লাজা পার হয়ে একটি মোড়ে পৌঁছালে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাঁদের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর পিকআপের চালক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান। পরে তিশার গাড়ির চালক মোটরসাইকেলে করে পিকআপটির পিছু ধাওয়া করে কিছু দূর গিয়ে সেটি আটক করতে সক্ষম হন। তবে ততক্ষণে পিকআপ চালক গাড়ির চাবি নিয়ে পালিয়ে যান।
খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ও পরিস্থিতি তদারক শুরু করে।
দুর্ঘটনার পর নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে ঘটনার বিস্তারিত জানান তাসনুভা তিশা। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, দুর্ঘটনাটি অত্যন্ত ভয়াবহ ছিল। গাড়ির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও মহান আল্লাহর রহমতে তিনি নিজে, তাঁর সঙ্গে থাকা আলোকচিত্রী, সহকারীসহ টিমের সদস্যরা বড় ধরনের ক্ষতি ছাড়াই রক্ষা পেয়েছেন।
তিশা বলেন, এত বড় দুর্ঘটনার পরও সবাই অক্ষত অবস্থায় গাড়ি থেকে বের হয়ে আসতে পেরেছেন—এটি তাঁর কাছে আল্লাহর বিশেষ রহমত।
এদিকে, দুর্ঘটনায় প্রাইভেটকারটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তাসনুভা তিশা ও তাঁর সঙ্গে থাকা টিমের সদস্যরা অক্ষত থাকায় স্বস্তি প্রকাশ করেছেন তাঁদের সহকর্মী ও ভক্তরা।
দুর্ঘটনার ঘটনায় সংশ্লিষ্ট পিকআপ ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
0 মন্তব্যসমূহ