বাবার সঙ্গে দোকানে এসে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
নাহিদুর রহমান। পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় মারিয়া আক্তার প্রিতী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার থানা রোডের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রিতী উপজেলা সদরের পুকুরিয়াকান্দা গ্রামের আবুল কালামের মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, প্রিতী তার বাবার সঙ্গে নয়াপাড়া এলাকার একটি দোকানে আসে। এ সময় তার বাবা রাস্তার দক্ষিণ পাশে তাকে রেখে উত্তর পাশের একটি দোকানে যান। একপর্যায়ে প্রিতী হঠাৎ রাস্তা পার হওয়ার জন্য দৌড় দিলে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


0 মন্তব্যসমূহ