চুরি, মাদক ও যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ
রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।
সভায় পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খান, নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আকরামুজ্জামান খান, পূজা উদযাপন পরিষদ পূর্বধলা উপজেলা শাখার সভাপতি তরুণ কুমার রায়, জারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু, পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম মিয়া, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ার, সাবেক যুবদলের সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া আনসার ও ভিডিপি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
সভায় উপজেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলাসংক্রান্ত সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন অংশগ্রহণকারীরা। বিশেষ করে চুরি ও মাদক প্রতিরোধ, সড়কে যানজট নিরসন এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। এসব সমস্যা মোকাবিলায় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও শফিকুল ইসলাম বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ। চুরি, মাদক, যানজটসহ বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ও সক্রিয়ভাবে কাজ করতে হবে।
তিনি মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, অপরাধ বা মাদকসংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত প্রশাসন ও পুলিশকে জানাতে হবে। জনসচেতনতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
সভায় আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা মতামত দেন। একই সঙ্গে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে পারস্পরিক সমন্বয় বাড়ানো এবং প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।


0 মন্তব্যসমূহ