পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে রাহাত হাসান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের মৌদাম কাঁদাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাহাত হাসান ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির সামনের পুকুরে পড়ে যায় রাহাত। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করলে একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করা হয়।
পরে দ্রুত রাহাতকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।


0 মন্তব্যসমূহ