পরিত্যক্ত কক্ষে মিলল ইয়াবা সেবনের সরঞ্জাম, সন্ধ্যার পর মাদকসেবীদের আড্ডার অভিযোগ।
ধুনট (বগুড়া) প্রতিনিধি: রেহানুল হক রিকো
বগুড়ার ধুনট উপজেলার বেলকুচি কারিগরি স্কুলের একটি পরিত্যক্ত শ্রেণিকক্ষ ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ। দীর্ঘদিন ধরে ক্লাস না হওয়ায় অব্যবহৃত ওই কক্ষটি মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
সরেজমিনে বিদ্যালয়ের ওই শ্রেণিকক্ষে ইয়াবা সেবনের সরঞ্জাম পড়ে থাকতে দেখা গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের একটি শ্রেণিকক্ষের ভেতরে এমন সরঞ্জাম পাওয়ায় স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরে মাদকসেবী ও মাদক কারবারিরা ওই পরিত্যক্ত কক্ষে এসে মাদক সেবন করে। বিশেষ করে সন্ধ্যার পর সেখানে তাদের আনাগোনা বেড়ে যায়। এতে বিদ্যালয়সংলগ্ন এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুস্থ পরিবেশ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, মাদকসেবীদের এসব কর্মকাণ্ডে বাধা দিতে গেলে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে। এ কারণে অনেকে বিষয়টি দেখেও প্রতিবাদ করতে সাহস পান না।
অভিভাবক ও সচেতন নাগরিকরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হওয়ার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত পরিত্যক্ত কক্ষটি পরিষ্কার করে ব্যবহারযোগ্য করার পাশাপাশি সেখানে মাদকসেবীদের আনাগোনা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
তাদের দাবি, বিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করে দেখুক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন স্থানীয়রা।
0 মন্তব্যসমূহ