নৃত্য, আবৃত্তি, অভিনয় ও চিত্রাঙ্কনে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ।
মোঃ রেহানুল হক রিকো, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নৃত্য, কবিতা আবৃত্তি, অভিনয়, চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থলে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ধুনট সরকারি এন. ইউ. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা প্রতিযোগিতার বিভিন্ন পর্বে অংশ নেয়। তারা নিজেদের মেধা ও সৃজনশীলতা তুলে ধরার পাশাপাশি নজরুলের সাহিত্য, জীবনবোধ, মানবিকতা, অসাম্প্রদায়িক চেতনা ও দেশপ্রেমের বিভিন্ন দিক তুলে ধরে।
শিক্ষার্থীদের নৃত্য, আবৃত্তি ও অভিনয়ে পুরো মিলনায়তন প্রাণচঞ্চল হয়ে ওঠে। উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কনেও শিক্ষার্থীরা নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধুনট সরকারি এন. ইউ. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল কুমার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনর রশীদ, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সোলায়মান আলী, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, মোঃ তফিজ উদ্দিন এবং কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক রাসেল মাহমুদ।
প্রতিযোগিতার বিভিন্ন বিষয়ের পরিবেশনা মূল্যায়ন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক গুলেরেনা দীল, জুলেখা বেগম, কামরুল হাসান ও শংকর কুমার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবিক ও অসাম্প্রদায়িক আদর্শ সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং নতুন প্রজন্মের মধ্যে নজরুলের সাহিত্য ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
0 মন্তব্যসমূহ