আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ-জনগণের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান।
মোঃ সাগর হোসেন, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে মাদক, সন্ত্রাস ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয় সভায়।
রবিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলা পরিষদ হলরুমে বড়াইগ্রাম থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ।
বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়ের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুসনিয়ারা খাতুন।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আশিক সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার শরীফুল হক, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ এম. লুৎফর রহমান এবং বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, সাংবাদিক সাইফুর রহমানসহ সংশ্লিষ্টরা।
সভায় মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানানো হয়।
সভায় সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ