শোকাহত পরিবারের পাশে খুলনার জেলা প্রশাসক, নিহতের মায়ের হাতে নগদ সহায়তা।
বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) খবর পেয়ে নিহত রাকিব খানের বাড়িতে যান জেলা প্রশাসক। এ সময় তিনি নিহতের মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পরে জেলা প্রশাসকের পক্ষ থেকে রাকিবের পরিবারের হাতে তাৎক্ষণিক নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত, সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদসহ জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট ইউনিয়নের শিয়ালীডাঙ্গা এলাকার কাছাকাছি পশুর নদীর পূর্বপাড় থেকে ভাসমান অবস্থায় রাকিব খানের মরদেহ উদ্ধার করে রূপসা নৌ পুলিশ।
নিহত রাকিব খান রূপসা উপজেলার সেনের বাজার এলাকার হাজীগ্রামের মৃত বাকের খানের ছেলে।
দীর্ঘ আট দিন নিখোঁজ থাকার পর রাকিবের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্বজনদের মধ্যে নেমে আসে শোকের মাতম। প্রিয়জনকে হারানোর বেদনায় পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
পরিবারের এমন সংকটময় সময়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা দেওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছে শোকসন্তপ্ত পরিবার। প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
0 মন্তব্যসমূহ