নেত্রকোনার পূর্বধলায় মাদক, জুয়া ও অপরাধ নিয়ন্ত্রণের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
শনিবার (৯ মে) রাত ৯টায় পূর্বধলা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কঠোর অবস্থানের বিষয়টি তুলে ধরা হয় এবং অপরাধ দমনে সাংবাদিকদের গঠনমূলক ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
প্রধান আলোচকের বক্তব্যে ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “মাদক ও জুয়া সমাজের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপতৎপরতা দমনে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। অপরাধী যেই হোক, কাউকে আইনের ঊর্ধ্বে রাখা হবে না। তবে সমাজ থেকে অপরাধ নির্মূলে শুধু পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করলে অপরাধী শনাক্তকরণ ও অভিযান পরিচালনা আরও সহজ হবে এবং একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন আই নিউজ বিডি’র জেলা প্রতিনিধি মো. মোশাহিদুর রহমান উজ্জ্বল, দৈনিক জবাবদিহি প্রতিনিধি সাগর আহমেদ জর্জ, ইকরা প্রতিদিনের স্টাফ রিপোর্টার আল-আমিন শেখ, দৈনিক খবর সব রকম প্রতিনিধি মো. শাহজাহান মিয়া এবং মাটি ও মানুষ পত্রিকার বিশেষ প্রতিনিধি হারাধন সূত্রধরসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় সাংবাদিকরা এলাকার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নানা দিক তুলে ধরেন। একই সঙ্গে পূর্বধলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে তথ্যগত সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান করেন তারা।
আলোচনা শেষে পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে তৃতীয় প্রকাশনা “কংস” স্মরণিকা ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের হাতে তুলে দেওয়া হয়।


0 মন্তব্যসমূহ