খেলতে গিয়ে পরিবারের অগোচরে পুকুরে পড়ে যায় আব্দুল আলিম, পরে পানিতে মিলল মরদেহ
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে আব্দুল আলিম (সাড়ে ৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আব্দুল আলিম জামুদ গ্রামের সুমন মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে খাবার খেয়ে আব্দুল আলিম বাড়ির উঠানে সমবয়সী শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় তার বাবা জমিতে চাষের কাজে চলে যান। পরে তার মা প্রতিবেশীর বাড়িতে হাঁসের খাবার আনতে গেলে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির সামনে থাকা পুকুরে পড়ে যায় শিশুটি।
শিশুটির সঙ্গে খেলতে থাকা তার চাচাতো ভাই মোস্তাকিম (৭) তাকে পুকুরে পড়ে সাঁতার কাটতে দেখে। তবে বয়স কম হওয়ায় সে বিষয়টি তাৎক্ষণিকভাবে বুঝতে পারেনি।
পরে আব্দুল আলিমকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মোস্তাকিম বিষয়টি পরিবারের সদস্যদের জানালে পুকুরে খোঁজ শুরু হয়। পরে শিশুটির দূরসম্পর্কের নানা বাবুল মিয়া পুকুরের পানিতে তার মরদেহের সন্ধান পান।
খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


0 মন্তব্যসমূহ