নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৩নং ঘাগড়া ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
গত রবিবার (২৩ মে ২০২৬) সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সরকারিভাবে বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির আওতায় মোট ২৬৭৭ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
দীর্ঘ সময়ব্যাপী এ বিতরণ কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান আবদুল বারেক ভূঁইয়া। পাশাপাশি ইউনিয়ন পরিষদের সচিব রফিকুল ইসলাম সার্বিক প্রশাসনিক ব্যবস্থাপনা ও সমন্বয়ের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন। তাদের সমন্বিত উদ্যোগে পুরো বিতরণ কার্যক্রমে শৃঙ্খলা বজায় থাকে এবং উপকারভোগীরা নির্বিঘ্নে সহায়তা গ্রহণ করতে সক্ষম হন।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার, ইউপি সদস্য মুনায়াম খান ও ইসহাক, প্যানেল চেয়ারম্যানের ছেলে কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংশ্লিষ্টদের উপস্থিতি ও সহযোগিতায় পুরো কার্যক্রমটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
উপকারভোগীরা জানান, ঈদের আগে এমন সরকারি সহায়তা তাদের পরিবারের জন্য বড় স্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারা স্থানীয় প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।
স্থানীয়রা মনে করেন, ইউনিয়ন পরিষদের দায়িত্বশীল নেতৃত্ব ও সচিবের দক্ষ ব্যবস্থাপনার কারণে এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে, যা এলাকায় ইতিবাচক দৃষ্টান্ত সৃষ্টি করেছে।
উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় ভিজিএফ কর্মসূচির আওতায় দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রয়েছে।


0 মন্তব্যসমূহ