পূর্বধলার ঘাগড়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা বিতরণ। - ভোরের সময় অনলাইন পূর্বধলার ঘাগড়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা বিতরণ।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


পূর্বধলার ঘাগড়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা বিতরণ।



পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নে অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মাঝে বিশেষ ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। হাওর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুর ১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় ঘাগড়া ইউনিয়ন পরিষদ চত্বরে দুই মাসের (মে-জুন) ভর্তুকি বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

হাওর মানবিক সহায়তা কার্ডের আওতায় প্রথম দফায় ঘাগড়া ইউনিয়নের ১৫৮ জন তালিকাভুক্ত ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে খাদ্য ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়। প্রতি কৃষককে প্রতি মাসে ৩ হাজার টাকা ও ১৫ কেজি চাল দেওয়ার কথা থাকলেও মে ও জুন মাসের বকেয়াসহ এককালীন প্রত্যেককে ৬ হাজার টাকা এবং ৩০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।

উপকারভোগী কৃষকদের হাতে সহায়তা তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।

এ সময় ইউএনও শফিকুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সারা দেশের মতো পূর্বধলার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। এ উপজেলায় মোট ১ হাজার ৬৩ জন প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষককে পর্যায়ক্রমে মানবিক সহায়তা কার্ডের আওতায় আনা হবে, যাতে কোনো কৃষক পরিবার দুর্যোগের কারণে কষ্টে না পড়ে।” তিনি সহায়তা বিতরণে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আসাদুজ্জামান, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. জয়েন আলী, ঘাগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর এ মানবিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। উপকারভোগীরা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির মুখে এই সহায়তা তাদের পরিবারকে সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ