পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে নেত্রকোনার পূর্বধলা উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. আব্দুস ছোবান এবং সাধারণ সম্পাদক পদে শামীম আহমদ মিজান নির্বাচিত হয়েছেন।
শনিবার পূর্বধলা সাব-রেজিস্ট্রি অফিস কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সমিতির মোট ৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৯টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভোটগ্রহণ শেষে নির্বাচনের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও পূর্বধলা উপজেলার সাব-রেজিস্ট্রার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মো. আব্দুস ছোবান ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মান্নান পান ১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে শামীম আহমদ মিজান ৩৪ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম রব্বানী মিলন পান ২৯ ভোট।
এছাড়া অন্যান্য পদের ফলাফলে সহ-সভাপতি পদে আব্দুল ছাত্তার ৩৭ ভোট, সহ-সম্পাদক পদে মো. আব্দুল গণি ৪২ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন সেলিম ৩৩ ভোট এবং কোষাধ্যক্ষ পদে মো. রহমত উল্লাহ ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন।
সম্মানিত সদস্য পদে মো. আব্দুল মালেক ৪৫ ভোট, মো. আব্দুল কুদ্দুস ৪২ ভোট এবং মো. হুমায়ুন কবির ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির সার্বিক উন্নয়ন, পেশাগত মর্যাদা রক্ষা এবং সদস্যদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অন্যদিকে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় ভোটার ও প্রার্থীরা নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সকলের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

0 মন্তব্যসমূহ