পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: দেশের অন্যতম জনপ্রিয় ও শীর্ষস্থানীয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভি-র ২৪ বছরে পদার্পণ উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, মানসম্মত অনুষ্ঠান নির্মাণ এবং জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতায় এনটিভি দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দেশের গণমাধ্যমে একটি আস্থার প্রতীক হিসেবে নিজস্ব অবস্থান সুদৃঢ় করেছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে পূর্বধলা প্রেসক্লাব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এনটিভির পূর্বধলা প্রতিনিধি এস এম ওয়াদুদ। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এনটিভি সত্য, নিরপেক্ষতা ও পেশাদার সাংবাদিকতার আদর্শকে ধারণ করে দেশ-বিদেশের দর্শকদের নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দিয়ে আসছে। তিনি ভবিষ্যতেও জনস্বার্থে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
স্থানীয় সাংবাদিক মহলে কর্মদক্ষতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের জন্য পরিচিত এস এম ওয়াদুদ দীর্ঘদিন ধরে পূর্বধলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, উন্নয়ন কার্যক্রম এবং জনদুর্ভোগের সংবাদ নিষ্ঠার সঙ্গে জাতীয় পর্যায়ে তুলে ধরছেন। তাঁর নিরলস প্রচেষ্টায় এনটিভির মাধ্যমে পূর্বধলার নানা সম্ভাবনা ও সমস্যার চিত্র দেশবাসীর সামনে তুলে ধরা সম্ভব হয়েছে বলে অনুষ্ঠানে উপস্থিত অনেকেই মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, সদস্য আশরাফ উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু এবং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোলেমান কবির পাপ্পুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম, সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি অলি হাসান কলিসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “সঠিক, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এনটিভি দীর্ঘদিন ধরে দর্শকদের আস্থা অর্জন করেছে। পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং আধুনিক সংবাদ উপস্থাপনার মাধ্যমে দেশের গণমাধ্যমে এনটিভি একটি মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছে। ভবিষ্যতেও একই নিষ্ঠা ও সততার সঙ্গে সংবাদ পরিবেশন করে প্রতিষ্ঠানটি তার সুনাম আরও সমৃদ্ধ করবে বলে আমি আশাবাদী।”
বক্তারা বলেন, গত ২৩ বছর ধরে এনটিভি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সুস্থ সংস্কৃতির বিকাশ এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যমে একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য অবস্থান তৈরি করেছে। প্রযুক্তিনির্ভর সম্প্রচার, মানসম্মত অনুষ্ঠান এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও এনটিভি দেশের মানুষের আস্থার গণমাধ্যম হিসেবে আরও সমৃদ্ধ হবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

0 মন্তব্যসমূহ