পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অশ্লীল ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে এক নারীসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার ৩ নম্বর ঘাগড়া ইউনিয়নের শিবপুর এলাকায় অবস্থিত ‘টাঙ্গাইল’ নামের একটি ফিশারিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— শিবপুর গ্রামের সাদির আলীর ছেলে সিরাজুল ইসলাম (৩০), তোতা মিয়ার ছেলে মো. শুভ (২০), দুলু মিয়ার ছেলে সাগর মিয়া (২০), দুলু মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩২), সাদির আলীর ছেলে মাজিজুল (২৫), মেঘশিমুল গ্রামের মৃত আমজত আলীর ছেলে হাবিবুর রহমান হাবি (৪০), শিবপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে কাজল মিয়া (২০) এবং সালমাকান্দা গ্রামের আব্দুল গফুরের মেয়ে মোছা. মনিরা আক্তার (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে শিবপুর এলাকার ওই ফিশারিতে নারী এনে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে ৭ জন পুরুষ ও ১ জন নারীকে আটক করা হয়। তবে আরও দুই নারীসহ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন।
অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১০টি স্মার্টফোন জব্দ করা হয়। প্রাথমিকভাবে জব্দকৃত মোবাইল ফোনগুলো পর্যালোচনা করে ২০২৫ সাল থেকে ২ জুলাই ২০২৬ পর্যন্ত সময়ের শতাধিক অশ্লীল ভিডিও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “অশ্লীল ভিডিও তৈরি ও প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। পলাতক অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। পূর্বধলায় এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কোনো চক্রকে ছাড় দেওয়া হবে না। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

0 মন্তব্যসমূহ