মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কর্মদক্ষতার স্বীকৃতি; ক্লু-লেস মামলার রহস্য উদ্ঘাটন ও অপরাধ দমনে বিশেষ অবদানের জন্য সম্মাননা
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন পূর্বধলা থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন।
গত ১৪ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে নেত্রকোণা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম-এর সভাপতিত্বে জুন-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন থানার অপরাধ দমন, মামলা তদন্তের অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক কর্মদক্ষতার মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও সদস্যদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
এ সময় জুন-২০২৬ মাসে অপরাধ নিয়ন্ত্রণ, মামলা তদন্তে দক্ষতা, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্যের জন্য পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুনকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করা হয়। পুলিশ সুপার তাঁর হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেন।
একই অনুষ্ঠানে নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কুমার সরকার জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হন।
এছাড়া ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন এবং দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, পিপিএম, এসআই আব্দুল্লাহ আল রাহিদ এবং কনস্টেবল নাহিদ হাসান খান-কে পৃথকভাবে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
সভায় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্তের মানোন্নয়ন, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, চুরি, ডাকাতি ও সাইবার অপরাধ দমনে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকল থানার অফিসার ইনচার্জকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
পূর্বধলা থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সাম্প্রতিক সময়ে অপরাধ নিয়ন্ত্রণ, দ্রুত তদন্ত, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের পুলিশি সেবা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে। তাঁর নেতৃত্বে থানার কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করায় একাধিক গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে তাঁর এই স্বীকৃতি পূর্বধলা থানার সামগ্রিক কর্মদক্ষতা ও পেশাদারিত্বেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ