হিরণপুর তমিজ জনকল্যাণ পাঠাগারের মানবিক উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরীক্ষা
সংগঠনটির উদ্যোগে এলাকার তিন শতাধিক অসহায় ও নিম্নআয়ের মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্যপরামর্শ এবং বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) উপজেলার নারান্দিয়া ইউনিয়নের হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) প্রদান করা হয়। পাশাপাশি বিনা খরচে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ (ব্লাড প্রেসার) ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বক্ষব্যাধি (মেডিসিন) বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ দেলোয়ার জাহান খানের বিশেষ সহযোগিতায় ক্যাম্পটি পরিচালিত হয়। তাঁর নেতৃত্বে চার সদস্যের অভিজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ প্রদান করেন।
হিরণপুর তমিজ জনকল্যাণ পাঠাগারের চেয়ারম্যান মো. আব্দুল আজিজ বলেন, “আমাদের এলাকার অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষ যেন সময়মতো প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, সেই লক্ষ্যেই এই আয়োজন। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক এ উদ্যোগের মাধ্যমে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম সজীব বলেন, “২০২৫ সালে ‘হিরণপুর তমিজ জনকল্যাণ পাঠাগার’ প্রতিষ্ঠার পর থেকেই আমরা যুবসমাজকে বইমুখী করার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। আমাদের লক্ষ্য যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে বইপাঠ ও খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করা। পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নে অবহেলিত ও হতদরিদ্র মানুষের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। আর্থিক সংকটের কারণে এখানকার অনেক মানুষ প্রয়োজন থাকা সত্ত্বেও সঠিক চিকিৎসাসেবা নিতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।”
বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মোহাম্মদ দেলোয়ার জাহান খান বলেন, “গ্রামাঞ্চলের অনেক মানুষ সচেতনতার অভাব ও আর্থিক সংকটের কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না। এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা প্রান্তিক মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এমন মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে আমিও আনন্দিত।”
বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। সেবা নিতে আসা কয়েকজন জানান, “বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, রক্তের গ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিস পরীক্ষা করতে পারা আমাদের মতো নিম্নআয়ের মানুষের জন্য অনেক বড় সহায়তা। এতে আমাদের চিকিৎসা ব্যয় সাশ্রয় হয়েছে এবং প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শও পেয়েছি।”
দিনব্যাপী অনুষ্ঠিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকার সুধীজন ও সামাজিক নেতৃবৃন্দ সংগঠনটির ভূয়সী প্রশংসা করেন।

0 মন্তব্যসমূহ