আইনশৃঙ্খলা, সেবার মান ও প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা; পুলিশ সদস্যদের দিলেন প্রয়োজনীয় দিকনির্দেশনা
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম পূর্বধলা থানা পরিদর্শন করে থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবার মান এবং প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেছেন। সোমবার (২৭ জুলাই) দুপুরে তিনি পূর্বধলা থানায় এ পরিদর্শন করেন।
পূর্বধলা থানায় পৌঁছালে নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কুমার সরকার ফুলেল শুভেচ্ছা জানিয়ে পুলিশ সুপারকে স্বাগত জানান। পরে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, সার্ভিস ডেলিভারি সেন্টার এবং থানা ব্যারাক ঘুরে দেখেন। তিনি থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার, নথিপত্র ও মামলার রেকর্ড পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন এবং দায়িত্ব পালনে আরও পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে কর্মকর্তা ও সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার থানা পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে জনগণকে দ্রুত, কার্যকর ও মানবিক পুলিশি সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ফাইয়াজ সার্জিল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মায়িশা ফান্নানা, পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান (পিপিএম) এবং থানার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
পুলিশ সুপারের এ পরিদর্শনকে থানার সেবার মান আরও উন্নত করা, প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।


0 মন্তব্যসমূহ