পূর্বধলা প্রিমিয়ার লীগে দয়াল স্কোয়ার্ডের শিরোপা জয়। - ভোরের সময় অনলাইন পূর্বধলা প্রিমিয়ার লীগে দয়াল স্কোয়ার্ডের শিরোপা জয়।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds



পূর্বধলা প্রিমিয়ার লীগে দয়াল স্কোয়ার্ডের শিরোপা জয়।

ফাইনালে স্টার বয়েজকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন; খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ সমাজ গঠনের আহ্বান অতিথিদের।



পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত পূর্বধলা প্রিমিয়ার লীগ (পিপিএল)-২০২৬-এর শিরোপা জিতেছে দয়াল স্কোয়ার্ড। সোমবার (২৭ জুলাই) বিকেলে পূর্বধলা জগৎমনি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে স্টার বয়েজকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।

পূর্বধলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত জমজমাট এই ফুটবল টুর্নামেন্টের ফাইনালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও নেত্রকোণা জেলা বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক আলহাজ আবু তাহের তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা তরুণদের মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে। এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়ক হবে।

ফাইনাল ম্যাচের উদ্বোধক ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ বাবুল আলম তালুকদার, নেত্রকোণা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ আব্দুর রহিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, ফকির ছায়েদ আল মামুন শহীদ, সেলিম উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, আনোয়ারুল ইসলাম আনার, রুহুল আমিন ফকির এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ম্যাচের চতুর্থ মিনিটেই দয়াল স্কোয়ার্ডের রামিম গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে তৌসিফ আরও একটি গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় দয়াল স্কোয়ার্ড। শেষ পর্যন্ত এই ব্যবধান অক্ষুণ্ন রেখে স্টার বয়েজকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে তারা।

ম্যাচ শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টে দয়াল স্কোয়ার্ডের অনিক সেরা গোলরক্ষক এবং একই দলের রামিম ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন।

খেলা পরিচালনায় রেফারির দায়িত্ব পালন করেন দীপক কুমার ভাদুড়ি। ধারাভাষ্য দেন দুর্গাপুরের নজরুল ইসলাম।

আয়োজকরা জানান, এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করা, সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। এবারের আসরে মোট ছয়টি দল অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচ ঘিরে মাঠজুড়ে ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি, উৎসবমুখর পরিবেশ এবং খেলাপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ