অটোর বিভিন্ন চেম্বারে বিশেষ কৌশলে রাখা প্রায় ১৯ লাখ ২০ হাজার টাকার ফেন্সিডিল উদ্ধার।
নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়ে ৪৮০ বোতল ফেন্সিডিলসহ হৃদয় (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোবাইকও জব্দ করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটের দিকে দুর্গাপুর থানাধীন নোয়াপাড়া সাকিনের শিমুলতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ঝানজাইল নাইট চেকপোস্টের ডিউটি শেষে থানায় ফেরার পথে শিমুলতলী এলাকায় পুলিশের একটি দল এক ব্যক্তিকে অটোবাইকসহ সন্দেহজনক অবস্থায় দেখতে পায়। পুলিশের গাড়ি থামতেই ওই ব্যক্তি অটোবাইক নিয়ে পালানোর চেষ্টা করলে এসআই (নিঃ) মো. মহিবুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করেন।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম হৃদয় (২২) বলে জানা যায়। তিনি দুর্গাপুর উপজেলার মার্কাসমোড় এলাকার আবুল মিয়া ও রুমেলা খাতুনের ছেলে।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে অটোবাইকটি তল্লাশি করে বিভিন্ন চেম্বারে বিশেষ কৌশলে রাখা মোট ৪৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পুলিশের হিসাব অনুযায়ী উদ্ধার করা ফেন্সিডিলের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।
পুলিশ উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এসআই (নিঃ) মো. মহিবুর রহমানসহ পুলিশের সদস্যরা অংশ নেন। নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


0 মন্তব্যসমূহ