পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা সরকারি কলেজে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ক্যাম্পাসে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতসহ ১১ দফা দাবি পেশ করেছে পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদল।
রোববার (২৩ আগস্ট) দুপুরে কলেজের শিক্ষকবৃন্দের উপস্থিতিতে সংগঠনটির নেতারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতনের কাছে এসব দাবি তুলে ধরেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে—নির্ধারিত রুটিন অনুযায়ী নিয়মিত ও যথাযথভাবে সব বিষয়ের পাঠদান নিশ্চিত করা, শিক্ষার্থীদের নিয়মিত কলেজে উপস্থিতি বাড়াতে কার্যকর ব্যবস্থা গ্রহণ, প্রতিটি বিভাগের জন্য নির্ধারিত শ্রেণিকক্ষে পাঠদান পরিচালনা এবং শিক্ষকদের নির্ধারিত সময়ে উপস্থিতি ও রুটিন অনুযায়ী ক্লাস গ্রহণ নিশ্চিত করা।
এ ছাড়া কলেজের কম্পিউটার ল্যাব দ্রুত সচল করে ব্যবহারিক ও তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও সহশিক্ষা কার্যক্রম আয়োজনের দাবি জানানো হয়।
১১ দফা দাবির মধ্যে আরও রয়েছে ছাত্রছাত্রীদের কমন রুম সংস্কার, নিরাপদ ও সুপেয় পানির জন্য পানি ফিল্টার স্থাপন, কলেজের অডিটোরিয়াম আধুনিকায়ন ও সংস্কার, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানসহ পর্যায়ক্রমে পুরো কলেজ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা এবং কলেজ চলাকালীন অনুমোদনহীন বহিরাগতদের প্রবেশ বন্ধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ।
এ ছাড়া কলেজের পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে প্রবেশ নিয়ন্ত্রণের দাবিও জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিন আহমেদ, সিনিয়র সহসভাপতি আজহারুল হক জয়, সহসভাপতি নায়িম খান, সহসভাপতি সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাকিব খান, যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাফুজুল আলম শুভসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা।
পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিন আহমেদ বলেন, শিক্ষার্থীদের স্বার্থে এবং কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেই এসব দাবি পেশ করা হয়েছে। তিনি বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।


0 মন্তব্যসমূহ