পূর্বধলায় ছাত্রদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার। - ভোরের সময় অনলাইন পূর্বধলায় ছাত্রদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds



পূর্বধলায় ছাত্রদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার।

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মাছুম মোস্তফার ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত পূর্বধলা উপজেলা ছাত্রদলের দুই নেতার সাংগঠনিক ব্যবস্থা প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া দুই নেতা হলেন—পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ ও যুগ্ম আহ্বায়ক সোলেমান কবীর পাপ্পু। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, সাজু আহমেদকে তার সাংগঠনিক পদে এবং সোলেমান কবীর পাপ্পুকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক কার্যক্রমে বহাল করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী নেত্রকোনা জেলা শাখার অধীন পূর্বধলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলেমান কবীর পাপ্পু ও সদস্য সচিব সাজু আহমেদের বিরুদ্ধে নেওয়া সাংগঠনিক ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির গত ১৬ আগস্ট এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। ওই ঘটনায় সাজু আহমেদকে সদস্য সচিবের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং সোলেমান কবীর পাপ্পুকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়। একই ঘটনায় পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবুকেও দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

পরে বিষয়টি নিয়ে দলীয়ভাবে তদন্ত ও যাচাই-বাছাই করা হয়। সেই প্রক্রিয়া শেষে কেন্দ্রীয় ছাত্রদল দুই নেতার বিরুদ্ধে নেওয়া সাংগঠনিক ব্যবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এর ফলে তারা পুনরায় নিজ নিজ সাংগঠনিক পরিচয়ে দলীয় কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পেলেন।

এ বিষয়ে পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ বলেন, কেন্দ্রীয় সংসদ তাদের বিরুদ্ধে দেওয়া অব্যাহতির আদেশ প্রত্যাহার করায় তিনি নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ। দলকে সুসংগঠিত করতে ভবিষ্যতে মাঠে সক্রিয় ভূমিকা রাখবেন বলেও জানান তিনি।

যুগ্ম আহ্বায়ক সোলেমান কবীর পাপ্পু বলেন, তাদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা ছিল ষড়যন্ত্রমূলক। যাচাই-বাছাই শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তা প্রত্যাহার করেছেন। ভবিষ্যতে দলের নীতি-আদর্শ মেনে সব কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ