কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে ব্যতিক্রমী আয়োজন।
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোণার পূর্বধলায় বর্ণাঢ্য র্যালি, ফলজ ও বনজ বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির শুরুতে উপজেলা সদরের স্টেশন রোডস্থ বিএনপির মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পূর্বধলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীরা খাদ্য গুদাম রোডসহ বাজারের বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। এরপর পূর্বধলা বাজারের খাদ্য গুদাম রোড ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
মহিলা আসন-২৬-এর সংসদ সদস্য মানসুরা আক্তারের নির্দেশনা এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবুর পরামর্শে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ আহমেদ সজীবের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাহফুজুল হাসান মানার, সাবেক যুবদলের সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলেমান কবির পাপ্পু, উপজেলা বিএনপির সদস্য অন্তর ইসলাম রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা তাজুল ইসলাম, ছাত্রদল নেতা কামালসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বধলায় র্যালি, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এর মাধ্যমে তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখার পাশাপাশি দেশব্যাপী পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
তারা বলেন, পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক এমন উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।


0 মন্তব্যসমূহ