মোটরসাইকেলে এসে দুই রাউন্ড গুলি করে পালাল তিনজন, মাদক লেনদেনের বিরোধের সন্দেহ পুলিশের।
মো: আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন কুলিবাগান মোড়ে দুর্বৃত্তদের গুলিতে জলিল মুন্সি (৩৫) নামে এক জুটমিল শ্রমিক নিহত হয়েছেন। তিনি ইস্পাহানী জুট প্রেসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কুলিবাগান মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সকালে মোটরসাইকেলে করে তিনজন ব্যক্তি কুলিবাগান মোড়ে এসে জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে তার বুক ও পিঠে গুলির আঘাত লাগে। পরে হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের একটি টহল দল তাদের ধাওয়া করে। তবে তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জলিল মুন্সিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার বাসিন্দা দিল মুন্সির ছেলে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ইস্পাহানী জুট প্রেসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, মোটরসাইকেলে আসা তিনজন জলিল মুন্সিকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে। পরে পুলিশ তাদের ধাওয়া করলেও তারা পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জলিলকে মৃত ঘোষণা করেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহত জলিল নেশাজাতীয় দ্রব্য সেবন করতেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তার কাছে কারা চাঁদা দাবি করেছিল, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। মাদকসংক্রান্ত কোনো লেনদেনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে আলামত সংগ্রহ করেছে। একই সঙ্গে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
0 মন্তব্যসমূহ