ত্রিপক্ষীয় বৈঠকে ভাড়ার তালিকা টাঙানোর সিদ্ধান্ত, সকাল থেকে রাত পর্যন্ত নির্ধারিত ভাড়া কার্যকর।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এবং যাত্রীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির স্থানীয় নেতৃবৃন্দের বারবার অনুরোধের পর উপজেলা প্রশাসন এ উদ্যোগ নেয়।
বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি অধীর বড়ুয়া, সমিতির নেতা ও সাংবাদিক শাহ আলম বাবলু, টেম্পু শ্রমিক সমিতির স্থানীয় শাখার সভাপতি মোহাম্মদ হারুন, সাধারণ সম্পাদক মো. নুরুল আবসার, যাত্রী ও সুশীল সমাজের প্রতিনিধি সাংবাদিক মুজাহিদুল ইসলাম, শিলাব্রত বড়ুয়াসহ অর্ধশতাধিক যাত্রী ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে ইউএনও মেহেদী হাসান ফারুক জানান, টেম্পুতে যাত্রী ওঠানামার ক্ষেত্রে প্রতি যাত্রীর ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিগত বছরের তালিকা অনুযায়ী কানুনগোপাড়া–শাকপুরা–মিলিটারী পুল হয়ে নগরীর চান্দগাঁও বাসটার্মিনাল পর্যন্ত নির্ধারিত ভাড়া কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্ধারিত ভাড়ার তালিকা প্রণয়ন করে প্রতিটি টেম্পুতে দৃশ্যমান স্থানে টাঙিয়ে দেওয়া হবে। সকাল থেকে রাত পর্যন্ত নির্ধারিত এ ভাড়া কার্যকর থাকবে বলে বৈঠকে জানানো হয়।
উপজেলা প্রশাসন আরও জানায়, নির্ধারিত ভাড়ার তালিকা অমান্য করে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যাত্রী কল্যাণ সমিতি ও স্থানীয় যাত্রীদের প্রত্যাশা, প্রশাসনের এ উদ্যোগের ফলে দীর্ঘদিনের ভাড়া-সংক্রান্ত অনিয়ম ও যাত্রী হয়রানি কমবে এবং গণপরিবহনে শৃঙ্খলা ফিরে আসবে।
0 মন্তব্যসমূহ