জনবান্ধব পুলিশিং ও জনআস্থা বাড়াতে সততা-নিষ্ঠায় দায়িত্ব পালনের আহ্বান।
মোঃ রেহানুল হক রিকো, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি কার্যক্রম পর্যালোচনা করতে থানা পরিদর্শন করেছেন নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) শামস-ই-তাবরীজ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তিনি ধুনট থানায় পৌঁছালে অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস শুকুর ও সেকেন্ড অফিসার (এসআই) মো. নজরুল ইসলাম ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান।
পরে থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন অতিরিক্ত পুলিশ সুপার। এ সময় থানার দৈনন্দিন কার্যক্রম, মামলার তদন্তের অগ্রগতি, এলাকার অপরাধ পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
মতবিনিময়কালে শামস-ই-তাবরীজ বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশের প্রতি জনগণের আস্থা অর্জন পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। এজন্য পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানিমুক্ত, দ্রুত ও জনবান্ধব সেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় ধুনট থানার এসআই হাসান হাফিজুর রহমান, তয়েন কুমার, আমিনুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সোহরাব হোসেন এবং এএসআই মেহেদী হাসান, এরশাদ হোসাইন, বেলাল হোসেন, সেলিম শেখ, শাহজাহান আলী, আনোয়ার হোসেনসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ