লোকসংস্কৃতির কিংবদন্তি শিল্পীর স্মৃতি ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বোয়ালখালী পৌরসভার পেতন আউলিয়া মাজার গেট সংলগ্ন শাওন মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদারের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক বিপ্লব জলদাস।
সভায় বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক আশুতোষ দাশ, কোষাধ্যক্ষ কালীপদ দাস, সাংগঠনিক সম্পাদক মো. এসকান্দর, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রিয়াঙ্কা দাস, জয়দেব দাশ যাদবানন্দসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম, সাংগঠনিক বিষয়াদি ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং লোকসংস্কৃতির চর্চা ও প্রসারে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
এছাড়া আগামী ১ অক্টোবর বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে স্মরণসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এসব কর্মসূচির মাধ্যমে তাঁর বর্ণাঢ্য জীবন, শিল্পীসত্তা ও লোকসংস্কৃতিতে অসামান্য অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় বক্তারা বলেন, বিনয়বাঁশী জলদাস বাংলা লোকসংস্কৃতি ও ঢোলবাদনের জগতে এক অনন্য প্রতিভা। তাঁর শিল্পীজীবন ও সাংস্কৃতিক অবদান বাঙালির লোকঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাঁর স্মৃতি ও কর্মকে ধারণ করে লোকসংস্কৃতির চর্চা, সংরক্ষণ ও বিকাশে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে।
সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ