টুটপাড়া-এন্দাশ লেনসহ বিভিন্ন এলাকায় শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ডেঙ্গুর মধ্যেও মশার প্রজননস্থল হওয়ার আশঙ্কা।
মো: আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনা নগরীর বিভিন্ন আবাসিক এলাকায় বাড়ি নির্মাণ ও সংস্কারকাজের অংশ হিসেবে পয়ঃনিষ্কাশনের ট্যাংক নির্মাণ করা হলেও অনেক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সেগুলোতে ঢাকনা দেওয়া হচ্ছে না। ফলে খোলা অবস্থায় থাকা এসব ট্যাংক ঘিরে তৈরি হয়েছে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি।
নগরীর টুটপাড়া, এন্দাশ লেনসহ বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের অভিযোগ, বাসাবাড়ির ভেতরে খোলা অবস্থায় পড়ে থাকা পয়ঃনিষ্কাশন ট্যাংক শিশু, পথচারী ও বাসিন্দাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অসাবধানতাবশত এসব ট্যাংকে পড়ে গুরুতর দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
স্থানীয়দের মতে, দীর্ঘসময় এসব ট্যাংক খোলা থাকার পাশাপাশি আশপাশে পানি জমে থাকলে তা মশার প্রজননস্থলে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ডেঙ্গুর প্রকোপের মধ্যে অরক্ষিত ও অপরিচ্ছন্ন এসব স্থান নগরবাসীর জন্য বাড়তি উদ্বেগ তৈরি করছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংকগুলোতে নিরাপদ ও মজবুত ঢাকনা দেওয়ার পাশাপাশি নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্টদের ওপর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
সচেতন নাগরিকরা বলছেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি প্রয়োজন। ঝুঁকিপূর্ণ ট্যাংকগুলো চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই কমানো সম্ভব।
0 মন্তব্যসমূহ