তৃণমূল পর্যায়ে দ্রুত ও সহজ বিচারিক সেবা নিশ্চিত করে গ্রাম আদালত কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন পূর্বধলা উপজেলার ৮ নম্বর বিশকাকুনী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. শহিদুল আলম মামুন। তিনি পূর্বধলা উপজেলা প্রেসক্লাবের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
রোববার (১৭ মে) পূর্বধলা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে শ্রেষ্ঠত্বের স্মারক তুলে দেওয়া হয়। ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম দক্ষতা, স্বচ্ছতা ও সফলতার সঙ্গে পরিচালনা করায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাসনীন জাহান। এসময় উপস্থিত ছিলেন গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর বদিউজ্জামান বাদল, বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সভাপতির বক্তব্যে তাসনীন জাহান বলেন, “গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় স্বল্প খরচে ও দ্রুত ন্যায়বিচার পৌঁছে দেওয়ার একটি কার্যকর ব্যবস্থা। এটি গ্রামের মানুষকে দীর্ঘসূত্রতা ও হয়রানি থেকে রক্ষা করছে। শহিদুল আলমের মতো নিষ্ঠাবান কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টায় গ্রাম আদালত ব্যবস্থা আরও শক্তিশালী ও জনআস্থার প্রতীকে পরিণত হচ্ছে।”
গ্রাম আদালত বর্তমানে গ্রামীণ জনপদের ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও কম খরচে বিচার পাওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষ আদালতমুখী ঝামেলা থেকে মুক্তি পাচ্ছেন। ফলে সামাজিক সম্প্রীতি বজায় রাখতেও গ্রাম আদালত কার্যকর অবদান রাখছে।
পুরস্কার গ্রহণের পর মো. শহিদুল আলম মামুন বলেন, “এই সম্মাননা আমার দায়িত্ববোধ ও কাজের প্রতি উৎসাহ আরও বাড়িয়ে দেবে। এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং বিশকাকুনী ইউনিয়ন পরিষদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও আমি সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে জনসেবায় কাজ করে যেতে চাই।”
এ সম্মাননা অর্জনে বিশকাকুনী ইউনিয়নবাসী ও সহকর্মীদের মধ্যেও আনন্দ ও গর্বের অনুভূতি দেখা গেছে।

0 মন্তব্যসমূহ