নেত্রকোনার পূর্বধলা উপজেলা জুড়ে আলোচনার জন্ম দিয়েছে এক অভিনব জালিয়াতির অভিযোগ। জীবিত বাবা–মাকে মৃত দেখিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে রুমা বেগম নামের এক নারীর বিরুদ্ধে।
ঘটনাটি উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের শালদিঘা গ্রামে। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, নতুন ভোটার নিবন্ধনের আবেদন যাচাই করতে গিয়ে গুরুতর অসংগতি ধরা পড়ে। আবেদনে রুমা বেগম তাঁর বাবা ও মাকে মৃত দেখালেও অনুসন্ধানে জানা যায়— তাঁর বাবা জামাল মিয়া এবং মা মনোয়ারা বেগম দুজনই জীবিত এবং স্বাভাবিকভাবে বসবাস করছেন। স্থানীয়রা জানান, জামাল মিয়া দীর্ঘদিন ধরে শ্যামগঞ্জ বাজারে মাংসের ব্যবসা করে আসছেন।
এ বিষয়ে গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেন, আবেদন যাচাইয়ের দায়িত্ব সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য ও প্রশাসনিক কর্মকর্তাদের। তারা যাচাই করে নথি দিলে তিনি স্বাক্ষর করেন।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. হাসিন ইসরাক জানান, অনেক সময় স্থানীয় উদ্যোক্তাদের কাছেও অনলাইন পোর্টালের আইডি–পাসওয়ার্ড থাকে। সেখান থেকেই অপব্যবহার হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
রুমা বেগম দাবি করেন, বয়সসংক্রান্ত জটিলতার কারণে আগে ভোটার হতে পারেননি। পরে স্থানীয় উদ্যোক্তার সহায়তায় আবেদন করেছিলেন। তবে সংশ্লিষ্ট উদ্যোক্তা জেবিন বেগম ও সাদ্দাম হোসেন জানান, নির্বাচন অফিস থেকে জানার আগ পর্যন্ত তারা বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না।
নির্বাচন অফিস সূত্রে আরও জানা যায়, রুমা বেগমের জন্মসাল ২০০৪ হলেও তাঁর মায়ের এনআইডিতে জন্মসাল ১৯৯০ এবং মৃত্যু নিবন্ধনে ১৯৭৫ উল্লেখ রয়েছে। বাবার ক্ষেত্রেও একই ধরনের তথ্য গরমিল পাওয়া গেছে।
এ বিষয়ে পূর্বধলা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান বলেন, জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে সরকারি নথি তৈরি করা গুরুতর অপরাধ। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হয়েছে।


0 মন্তব্যসমূহ