প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্থানীয়দের হাতে আটক ৪ জনকে পুলিশের কাছে হস্তান্তর
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে কথিত ‘হানি ট্র্যাপ’ চক্রের চার সদস্যকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। পরে তাদের শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উত্তেজিত জনতা আটক ব্যক্তিদের মারধর করেছে বলেও জানা গেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় আকন্দ টেক্সটাইল মিলসের সংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—জান্নাত রীতু, জান্নাতুল ফেরদৌস মারিয়া, বাড়ির মালিক খোকনের স্ত্রী সেলিনা ও মাহবুব। তবে এ চক্রের প্রধান অভিযুক্ত হিসেবে স্থানীয়দের অভিযোগের মুখে থাকা মুক্তা ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, টেপিরবাড়ি গ্রামের আকন্দ টেক্সটাইল মিলসের পাশে খোকনের বাড়িতে দীর্ঘদিন ধরে কথিত এই চক্রের কার্যক্রম চলছিল। বিভিন্ন তরুণীকে ব্যবহার করে যুবকদের প্রেমের ফাঁদে ফেলে ওই বাড়িতে ডেকে আনা হতো। পরে তাদের আপত্তিকর ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করা হতো বলে অভিযোগ এলাকাবাসীর।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের ভাষ্য, প্রতিদিন সন্ধ্যার পর ওই বাড়ির সামনে কয়েকটি মোটরসাইকেল নিয়ে বিভিন্ন যুবককে আসতে দেখা যেত। তাদের বাড়ির ভেতরে নেওয়ার পর বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে রাখা হতো বলেও অভিযোগ করেন তারা।
ঘটনার সময় ধারণ করা একটি ভিডিওতে কয়েকজন স্থানীয় ব্যক্তিকে আটক ব্যক্তিদের মারধর করতে দেখা গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পালসার মোটরসাইকেল জব্দ করেছে।
স্থানীয়দের আরও অভিযোগ, বাড়ির মালিক খোকন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের তদন্তে প্রকৃত ঘটনা ও সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে রীতু ও মারিয়া মাওনা পিয়ার আলী কলেজের শিক্ষার্থী।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়াও চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে কারা জড়িত এবং অভিযোগের সত্যতা কতটুকু—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।


0 মন্তব্যসমূহ