পূর্বধলায় দুই শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়নকাজ পরিদর্শনে এমপি মানসুরা আলম; উদ্বোধন করলেন স্যানিটারি ভেন্ডিং মেশিন, রোপণ করলেন বৃক্ষ
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম এমপি।
রোববার (২ আগস্ট) তিনি পূর্বধলা সরকারি কলেজ ও জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করে তাদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও শিক্ষা-সংশ্লিষ্ট বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সংসদ সদস্যের উদ্যোগে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন ও সংস্কারকাজ সরেজমিনে ঘুরে দেখেন তিনি। নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে পূর্বধলা সরকারি কলেজ, জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি করে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। এদিন তিনি আনুষ্ঠানিকভাবে এসব ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন।
এ ছাড়া তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়াশরুম আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কার, কমনরুম উন্নয়ন এবং জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশুদ্ধ পানীয় জলের সুবিধা নিশ্চিত করতে তিনটি অত্যাধুনিক ওয়াটার ফিল্টার স্থাপনের উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
পরিদর্শনের অংশ হিসেবে জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চারটি গাছের চারা রোপণ করেন এমপি মানসুরা আলম। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সবুজ ও মনোরম রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি এ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
সংসদ সদস্য মানসুরা আলম বলেন, “শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। বিশেষ করে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপনসহ প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করতে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু এবং উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


0 মন্তব্যসমূহ